দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরে ক্ষিপ্ত হন মোজাম।
২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রস্রাব করতে ঘরের বাইরে গেলে মোজাম এক সহযোগীকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা দিলীপ কুমারের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে দিলীপ কুমার ঘরে ফিরলে তাঁকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
এমএস/